২৩ ফেব্রুয়ারি ঘোষিত হবে মটোরোলার চার ফোন
ইতিমধ্যেই মটোরোলা তাদের রেজর ফোন নিয়ে আলোচনায় রয়েছে, তবে কোম্পানিটি তাদের ব্র্যান্ড সম্পর্কে আলোচনা রাখতে নানা উদ্যোগই নিচ্ছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২০ উদ্বোধনের মাত্র একদিন আগেই মটোরোলা একটি অনুষ্ঠানের আয়োজন করছে।
মটোরোলার আয়োজিত ঐ অনুষ্ঠানে মটো জি৮ এবং জি৮ পাওয়ার এর পাশাপাশি স্টাইলাসসহ একটি মিড রেঞ্জের এবং এজপ্লাস ফ্ল্যাগশিপ মডেলেরও দেখা মিলবে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আয়োজিত হবে ঐ অনুষ্ঠান।
মটো জি৮ ফোনটি ৬.৩৯ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট এবং পিছনে তিন ক্যামেরা নিয়ে আসতে পারে। এই প্রধান শ্যুটারটি হবে ১৬ মেগাপিক্সেলের। সাথে থাকবে ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যাম এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড স্ন্যাপার। ব্যাকআপের জন্য থাকছে ৪০০০ এমএএইচ ব্যাটারি।
অন্যদিকে জি৮ পাওয়ারে থাকতে পারে ৬.৩৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস প্যানেল, পাঞ্চহোলসহ ২৫ মেগাপিক্সেলের সেফলি ক্যামেরা এবং ৫০০০এমএএইচ ব্যাটারি। পিছনে জি৮ এ থাকা তিন ক্যামেরার সাথে এই ফোনে অতিরিক্ত একটি ৮ মেগাপিক্সেলের টেলিফটো শ্যুটার থাকতে পারে।
মটোরোলার ফ্ল্যাগশিপ মডেল এজপ্লাসে থাকতে পারে পাঞ্চহোল ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট এবং ১২ জিবি পর্যন্ত র্যাম।
ডিবিটেক/বিএমটি